চলমান করোনা সংক্রমণ মোকাবেলায় এবার বাংলাদেশ থেকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) আমদানি করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এর আগে বাংলাদেশের কাছ থেকে ৬৫ লাখ পিপিইর অর্ডার দেয় যুক্তরাষ্ট্র। তারই প্রথম চালান আজ সোমবার হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশ আজ ১.৫ লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই রফতানি আদেশের প্রথম অংশটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে করোনাভাইরাস। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখের কাছাকাছি। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৯ জন।

