ভারতে চলমান লকডাউন আরো দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। চলমান লকডাউন ১৪ এপ্রিল পর্যন্ত কার্যকর ছিলো। এ লকডাউন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
ভারতে সামনে আরো কতদিন লকডাউন চলবে তা নিয়ে আলোচনার জন্য সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী এই লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত করার পক্ষে মত প্রকাশ করেন।
ভারতের প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য সরকারের সম্মিলিত প্রয়াসে এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসের সংক্রামণ হার কমানো গেছে। কিন্তু আগামী সপ্তাহগুলো খুবই গুরুত্বপূর্ণ।
জানা যায়,বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে ৪০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৩৫ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল মিডিয়া ব্রিফিংয়ে জানান, লক ডাউন না থাকলে ১৫ এপ্রিলের মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা হতো ৮ কোটি ২ লাখ।

