কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই প্রবাসীর মৃত্যু হয়। তার বাড়ি শহরের জগন্নাথপুর এলাকায়।
ইতালি ফেরত ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে সোমবার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা নমুনা সংগ্রহের কাজ করছেন।
ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৬ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। দেশে আসার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পর্যায়ক্রমে দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে চিকিৎসা নেওয়া দুটি বেসরকারি হাসপাতাল ও আশপাশের ১০টি বাড়িতে চলাচল সীমিত করা হয়েছে সেই সাথে বাড়ি গুলো বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা লুবানা ফারজানা।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা, সেটা পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে আইইডিসিআর থেকে বিশেষজ্ঞ দল ভৈরবে এসেছেন। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

