গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে মৃত্যুবরণ করেন ৭৪ জন। এতে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৭ জনে।
ইরানের জাতীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরি। এ বিষয়ে আজ মঙ্গলবার সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বিপর্যস্ত ইরানে করোনাভাইরাসের প্রকোপ অনেকটাই কমে এসেছে। দেশটির প্রায় ৮০ শতাংশ করোনা আক্রান্ত রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছে।
করোনার প্রকোপ কমে আসায় কম ঝুকিপূর্ণ এমন ১৩২টি শহরে সোমবার থেকে শর্ত সাপেক্ষে মসজিদ খোলা রাখার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
ইরানের ক্রীড়ামন্ত্রী মাসউদ সোলতানিফারের দেওয়া বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের ১৩২টি শহরের ক্রীড়া ক্ল্যাব খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে বিভিন্ন শহরের প্রবেশদ্বার এবং বড় বড় শপিংমল। এ ছাড়াও দেশটির শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুতই খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

