দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় ৮ই মার্চ। এরপর থেকে বেড়েছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অসংখ্য মানুষ। শনিবার পর্যন্ত মারা গেছেন প্রায় দুই হাজার মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে জুন মাসে।
স্বাস্থ্য অধিদপ্তরের থেকে এসব তথ্য পাওয়া গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, দেশে প্রথম করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি।
প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। ওই দিন থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত ১১৯ দিনে মোট রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন। করোনায় সবচেয়ে বেশি রোগী জুন মাসে মারা গেছে, এক হাজার ১৯২ জন।
মৃতের মাসভিত্তিক পরিসংখ্যান বলছে, দেশে রোগী শনাক্তের ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম কোনো রোগী মারা যান। ওইদিন থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ে করোনায় মারা যান ৫ জন। মার্চ মাসে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।
এপ্রিল মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত রোগী শনাক্ত হয় ৭ হাজার ৬১৬ জন। এপ্রিলে করোনায় মারা গেছেন ১৬৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ২ দশমিক ১৫ শতাংশ।
১ মে থেকে ৩১ তারিখ পর্যন্ত রোগী শনাক্ত হয় ৩৯ হাজার ৪৮৬ জন। এর মধ্যে যারা যান ৪৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২২ শতাংশ।
জুন মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত সময়ে রোগী শনাক্ত হয় ৯৮ হাজার ৩৩০ জন। এর মধ্যে মারা যান ১ হাজার ১৯২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২১ শতাংশ।
জুলাইয়ের ১ তারিখ থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত চার দিনে রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ১৫০ জন। চলতি মাসে মৃত্যুর হার ১ দশমিক শূন্য ৬ শতাংশ।

