করোনার সংক্রমণ কমতে থাকায় লকডাউনের বিধিনিষেধ আরও শিথিল করতে যাচ্ছে ইতালি, স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।
মাদ্রিদ ও বার্সেলোনার বাইরের অঞ্চলে বিধিনিষেধ শিথিল করবে স্পেন। সর্বাধিক ১০ জন মানুষ একে অপরের সাথ দেখা করতে পারবে। রোববার ইতালিতে ১৪৫ জনের মৃত্যু হয়, যা মার্চে লকডাউন শুরুর পর সর্বনিম্ন। এদিকে স্পেনেও একশোর কম মৃত্যু রেকর্ড করা হয়েছে ওইদিন।
সোমবার থেকে ইউরোপের বেশিরভাগ দেশে বিধিনিষেধ আরও কমে আসবে। সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্তোরাঁ, পানশালা, ক্যাফে,সেলুন এবং অন্য ব্যবসা প্রতিষ্ঠান ফের চালু হবে ইতালিতে। ক্যাথলিক চার্চে মানুষ সামাজিক দূরত্ব মেনে এবং মাস্ক পরে প্রার্থনায় অংশ নিতে পারবেন। অন্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।
এদিকে সোমবার থেকে স্পেনে রেস্তোরাঁয় ও পানশালায় বসে খাওয়ার সুবিধা চালু হবে কিন্তু একইসঙ্গে ১০ জনের বেশি মানুষ অবস্থান করতে পারবেন না। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে দেখা করার ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে। তবে মাদ্রিদ ও বার্সেলোনাসহ স্পেনের উত্তর-পশ্চিম অঞ্চলে বেশিরভাগ বিধিনিষেধ বজায় থাকবে। তবে ছোট কিছু দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে।
ইউরোপের অন্য দেশ, যেমন বেলজিয়ামে সোমবার থেকে কঠোর নিয়ম মেনে খুলবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া, পর্তুগাল, গ্রিস, ডেনমার্ক এবং আয়ারল্যান্ডও বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন অসচেতন হলে দ্বিতীয়বারের মত করোনা আঘাত হানতে পারে।

