চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এই লকডাউনের সময় কেউ বের হতে পারবে না। তবে জরুরি সেবাগুলো এর আওতামুক্ত। এর সুযোগ নিচ্ছে কিছু অসাধুরা।
সড়কপথে চলেছে অ্যাম্বুলেন্স। কিন্তু রোগীর দেখা নেই সেখানে। অ্যাম্বুলেন্স ভর্তি রয়েছে অনেকগুলো প্যাকেট।ভেতরে সারি সারি সাজানো কার্টনে রয়েছে ‘ইন্ডিয়া মেড ফরেন লিকুয়র’- ভারতের তৈরি মদ।
লকডাউনের সময় মদের হোম ডেলিভারি দিতেই মূলত ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুলেন্স।
শুক্রবার পশ্চিমবঙ্গের মালদায় তেমনই এক অ্যাম্বুলেন্সের সন্ধান পেয়েছে ভারতের পুলিশ।
অ্যাম্বুলেন্সটি আটক করার সময় ভিতরে থাকা দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অ্যাম্বুলেন্স ও সমস্ত মদ বাজেয়াপ্ত করা হয়।

