চাষী রমজান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান কে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০ টায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের দামুড়হুদা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে প্রেসক্লাব ভবনে এ প্রতিবাদ সভা হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তুহিন।
আরো বক্তব্য দেন, ক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজের দামুড়হুদা প্রতিনিধি আওয়াল হোসেন, নয়াদিগন্তের প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, ক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনকারী ডিসি সুলতানা সহ সংশ্লিষ্ট দোষী সবাইকে কর্মস্থল থেকে শুধুমাত্র প্রত্যাহার করলেই হবে না বরং সাংবাদিকদের সাথে যেনো পুনরায় এধরণের বর্বর ঘটনা ঘটানোর কেউ দুঃসাহস না দেখায় এজন্য আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।
এই সময় সারাদেশের সাংবাদিকদের এক হওয়ার আহ্বান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়া এবং স্থানীয় দৈনিকগুলোর সাংবাদিকবৃন্দরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাই টিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল।

