সুনির্দিষ্ট তথ্য ছাড়াই র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী


রোহিঙ্গাদের ফেরাতে চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশিত হয়নি। যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট তথ্য ছাড়া র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের কিছু প্রশ্ন আগেই দিয়েছিলেন। তার প্রশ্নের উত্তরে ৭৬ জন গুমসহ অন্যান্য বিষয় আমরা ভিডিও প্রেজেন্টেশন তাকে দেখিয়েছিলাম এবং কোনদিন কী হয়েছে বিস্তারিত বিষয় তার কাছে তুলে ধরেছি। এসব দেখে তিনি আমাদের কোনো প্রশ্ন করেননি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে সাংবাদিকরা সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলের সঙ্গে ‘গুম’ ও মানবাধিকারের বিষয়ে আলোচনার প্রসঙ্গও তোলেন।

তখন কামাল বলেন, বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশিত হয়নি।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতি জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী’র নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে আইজিপি বেনজীর আহমেদকে অর্ন্তভূক্ত করে সরকার। নিষেধাজ্ঞার কারণে তার যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে সংশয়ও তৈরি হয়। তবে বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে জানা গেছে।