পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর মধ্যেই আর কয়েকদিনের মধ্যেই বসবে কোরবানির হাট।
তবে ভাইরাসটির সংক্রমণ এড়াতে পশুর হাটে একটি পশু থেকে আরেকটি পশুর দূরত্ব পাঁচ ফুট রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারাদেশেই তাদের এ পরামর্শ ও নির্দেশনা পালিত হবে।
পাশাপাশি পশুর হাট বসানোর জন্য পর্যাপ্ত খোলা জায়গা নির্বাচন, মুখে মাস্ক না থাকলে ক্রেতা-বিক্রেতাকে হাটে প্রবেশ করতে না দেয়া, হাটের প্রবেশ পথে তাপমাত্রা পর্যবেক্ষণকারী যন্ত্র স্থাপন, শুধু স্বাভাবিক তাপমাত্রা (৯৮ দশমিক ৪ ফারেনহাইট) সম্পন্ন ব্যক্তিদের হাটে প্রবেশ করতে দেয়া এবং অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন পরামর্শ তৈরি করেছে তারা।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কোরবানির পশুর হাটে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা তৈরি করা হয়েছে।
তবে এগুলো এখনো চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হওয়ার পর সেগুলো বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে।

