১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু


paperslife

করোনা সংক্রমণের কারণে প্রায় তিন মাস বন্ধের পর আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে ফ্লাইট। যদিও কাতারের ভেতরে যাত্রী ঢুকতে পারবে না। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ।

আজ বৃহস্পতিবার (১১ জুন) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

স্বাস্থ্যবিধিসহ নানা শর্তে গত ১ জুন থেকে চালু হয় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক।