পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি লাহোর থেকে ছেড়ে আসে।
বিমানটিতে ৯০ জনের বেশি আরোহী এবং ১১ জন ক্রু ছিল বলে জানা গেছে। বিমান বিধ্বস্তের কারণ এখন পর্যন্ত জানা যায় নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম প্লেনটিতে মোট ৯৮ আরোহী ছিলেন জানালেও ডেইলি মেইল, ব্লুমবার্গসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ফ্লাইটটিতে ১০৭ আরোহী ছিলেন।
ডন অনলাইনের খবরে বলা হয়েছে, প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর মডেল কলোনির আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ঘটনাস্থলে ছুটে গেছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স ও সিন্ধ পাকিস্তান রেঞ্জার্স।
সিন্ধ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া কোঅর্ডিনেটর মীরন ইউসুফ জানান, প্লেন দুর্ঘটনার পর করাচির সব প্রধান হাসপাতালে জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে, যেন উদ্ধারকৃতদের তৎক্ষণাৎ ভর্তি করে সেবা দেয়া হয়।

