দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৭ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ২০১ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়ালো ২ হাজার ১৫১ জনে।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩,১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
উল্লেখ্য, দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এছাড়া গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ১৭ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ ৪১ হাজারের অধিক, তবে ৬৭ লাখ ৫৩ হাজারের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।

