মহামারি করোনাভাইরাসের কারণে আগামী ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস ভিন্নভাবে উদযাপন করা হবে।
শনিবার (৯ মে) বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে দিবসটি উদযাপনের প্রস্তুতি বিষয়ে অনলাইনে সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আমন্ত্রিত সদস্যরা অনলাইন অ্যাপ জুম- এর মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জনসমাগম এড়ানোর জন্য ধারণকৃত অনুষ্ঠান রেডিও-টেলিভিশন-অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছিল বলে উল্লেখ করে তিনি একইভাবে আগামী ৭ই জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপনের প্রস্তাব করেন।
করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপনে বাস্তবায়নযোগ্য কর্মসূচি গ্রহণের বিষয়ে উপস্থিত সবাই মতামত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম পরবর্তীতে অনুষ্ঠিত অনলাইন সভায় সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানান।

