৩১ ডিসেম্বর, ২০১৯। চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম ধরা পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এর পর সময় অতিবাহিত হয়েছে। মারণ এ ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেই সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েছে লাখ খানেক মানুষ।
মাত্র সাড়ে তিন মাসের মাথায় নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ পার হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসাবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৩০৫ জন। আর মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৮২৪ জন।
ওয়েবসাইটটির তথ্যমতে, বিশ্বজুড়ে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ লাখ ৯১ হাজার ৭৬৫ জন। এখনও চিকিৎসাধীন ১৩ লাখ ৯৪ হাজার ৫৮৩ জন। এদের মধ্যে অন্তত ৫১ হাজার ৫১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থঅনে ইউরোপের দেশ স্পেন। সেখানে ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জনের শরীরে পাওয়া গেছে এই প্রাণঘাতী ভাইরা। মারা গেছেন ১৮ হাজার ৫৭৯ জন।
ইউরোপের মধ্যে করোনার হানায় প্রথম মৃত্যুপুরীতে পরিণত হওয়া দেশ ইতালি। সেখানে ১ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেনে ২১ হাজার ৬৭ জন।
শুরুর ধাক্কা কাটিয়ে মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে করোনার উৎস চীন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯৫ জন, মারা গেছেন ৩ হাজার ৩৪২ জন। সেখানে সুস্থ হয়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।
বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩১ জন। মারা গেছেন ৫০ জন।

