এবার ময়মনসিংহে আর্মস পুলিশের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ৪৩৪ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছার আর্মস পুলিশ ব্যাটালিয়ান-এপিবিএন এর এক কনস্টেবলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এমতাবস্থায় লকডাউন করা হয়েছে মুক্তাগাছা এপিবিএন।
সেইসাথে সেখানেই করা এক নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে জামালপুরের মাদারগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীও।
জামালপুর ছাড়াও নতুন করে আরো তিন জেলায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলাগুলো হলো নরসিংদী, রংপুর ও ময়মনসিংহ। প্রতি জেলায় একজন করে শনাক্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। নতুন করে শনাক্ত হয়েছে ৫৪ জন। এর মধ্যে ৩৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছে। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জন।
পেপার’স লাইফ/খবর/করোনাভাইরাস

