করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৩০০ জনের মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ভাইরাসের লড়াই করতে গিয়ে ১৪ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়। সে সকল ‘শহীদদের’ প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার (৪ এপ্রিল) সারাদেশে জাতীয় শোক পালন করা হয়।
শোক প্রকাশের জন্য দেশটির নাগরিকরা তিন মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এতে পুরো চীন স্থবির হয়ে পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
চীনের স্থানীয় সময় সকাল দশটায় মৃতদের সম্মান জানাতে তিন মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। কার, ট্রেন ও জাহাজগুলো তাদের হর্ন বাজায়, এয়ার রেইড সাইরেন বাজানো হয় এবং পতাকা অর্ধনমিত রাখা হয়।
ভাইরাসটির উৎপত্তিস্থল উহানে সকাল দশটায় সবগুলো ট্রাফিক লাইট লাল হয়ে যায়। এতে তিন মিনিটের জন্য সব যানবাহন রাস্তায় দাঁড়িয়ে থাকে।
গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল। এরপর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছে দশ লাখের বেশি মানুষ।

