করোনাভাইরাসে মৃত্যুপুরী হয়ে ওঠা যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ছুঁইছুঁই করছে। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬১৭ জনের। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ৫২৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ১৭৪ জন।
যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৫ হাজার চারশ ৪৫ জন এবং তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ১৩ হাজার তিনশ ৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছে ৫৭ হাজার পাঁচশ আট জন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে মোট ৩৩ লাখ ৯৮ হাজার একশ ৪০ জনের। এ ধরনের পরিস্থিতির মধ্যেও লকডাউন খুলে দিয়ে জনগণকে কাজে ফেরানোর ব্যাপারে পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লকডাউন খুলে দিয়ে জনগণকে কাজে ফেরানোর ব্যাপারে মুখ খুলেছেন। সে দেশে ২২ মিলিয়ন মানুষ বেকার হয়ে পড়ার ঘটনায় এবং অর্থনীতির চাকা সচল রাখতেই এ ধরনের পরিকল্পনা চলছে।
জানা গেছে, সাত জনে অন্তত একজন চাকরি হারিয়ে বেকার হয়ে গেছে যুক্তরাষ্ট্রে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের এক হাজার ডলার বা তারও বেশি করে অর্থ সহায়তা দেওয়া হবে। গত সপ্তাহে চাকরিচ্যুত হিসেবে সরকারি সাহায্য পাওয়ার জন্য ৫২ লাখ মানুষ আবেদন করেছে। গত চার সপ্তাহে সেই সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ২০ লাখ।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২১ লাখ ৮২ হাজার ৮৪ জন এবং মারা গেছে এক লাখ ৪৫ হাজার পাঁচশ ১৬ জন।

