দেশে চলমান করোনা সংক্রমণের এই অবস্থায় ‘গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট’ সফলভাবে কাজ করে কিনা তার বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল।
তারা বলেন, ‘গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট’ শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বের জন্যই ভালো খবর বয়ে আনতে পারে।
রোববার (২৬ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির নেতারা এসব কথা বলেন। দলের কেন্দ্রীয় নেতা সৈকত মল্লিক বিবৃতির কথা নিশ্চিত করেছেন।
গণসংহতি আন্দোলনের এই দুই নেতা বলেন, ‘‘গণস্বাস্থ্য উদ্ভাবিত ওই টেস্টিং কিট সফলভাবে কাজ করে কিনা তার বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করা সরকারের দায়িত্ব। সরকারের উচিত সব দীর্ঘসূত্রতা বাদ দিয়ে দ্রুততার সঙ্গে ওই কিটের বৈজ্ঞানিক ট্রায়ালের উদ্যোগ নেওয়া। ‘গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট’ সফল হলে দুনিয়ার মানুষের বিশাল উপকার হবে। কিন্তু ব্যর্থ হলে কারও ক্ষতি হবে না।’’
বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘সরকার রাজনৈতিক বিবেচনায় বা কোনও মহলের বাণিজ্যিক স্বার্থে এই দেশীয় উদ্যোগের সঙ্গে চরম অসহযোগিতামূলক আচরণ করছে। ইতোমধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে হেয় করে একটি বেসরকারি টেলিভিশন ‘মিডিয়া ট্রল’ করেছে, যা চরম নিন্দনীয়।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের এই পরিস্থিতিতে গার্মেন্টস মালিকরা মুনাফার স্বার্থে আবারও পোশাক কারখানাগুলো খুলে দিয়েছে যা করোনার মাত্রাকে আরও ভয়াবহ করে তুলতে পারে।
তারা আরও বলেন, আইনি দীর্ঘসূত্রতা বাদ দিয়ে দ্রুততার সঙ্গে ওই কিটের বৈজ্ঞানিক ট্রায়ালের উদ্যোগ নেওয়া হোক।

