এবার দেশের বন্দর নগরী চট্টগ্রামে তিনজন করোনা রোগীর সন্ধান মিলেছে। চট্টগ্রামে এখন পর্যন্ত এ নিয়ে পাঁচজনের শরীরের করোনাভাইরাস পাওয়া গেল।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, চট্টগ্রামে আরও তিনজনের শরীরে করোনা পাওয়া গেছে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। কী কারণে তারা আক্রান্ত হলেন তা যাচাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুধবার রাতে চট্টগ্রামে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে করোনা শনাক্তকরণ পরীক্ষায় এক নারী ও দুই পুরুষের শরীরে এই ভাইরাস পাওয়া যায়।
চিকিৎসকেরা জানান, সংক্রমিত তিনজনের মধ্যে একজন নারী রয়েছেন। তার বাড়ি চট্টগ্রাম নগরের হালিশহরে। নগরের সাগরিকা এলাকায় আরেকজনের বাড়ি। তিনি পোশাক কারখানার কর্মী।
অন্যজনের বাড়ি সীতাকুণ্ড পৌর এলাকায়। তিনি একজন ব্যাংকার।
জানা যায়, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে করোনা শনাক্তকরণের জন্য বুধবার ৬০ জনের নমুনা পরীক্ষা হয়। বাকি ৫৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।

