চন্দন কুমার সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি
মধ্যরাতে হানা দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতনের শিকার বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান ৭দিন ধরে হাসপাতালে চিকিৎসা শেষে আজ বাড়িতে ফিরেছেন।
আজ(২১মার্চ) দুপুর আড়াইটায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে তিনি নিজ বাড়িতে ফেরেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি জানান, ‘আমাকে ছাড়পত্র দিয়েছে, আমি এখন বাসায় যাচ্ছি।

আমাকে মধ্যরাতে বাসা থেকে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় যে অন্যায় নির্যাতন করা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। পাশাপাশি, আমি আমার ভবিষ্যত নিরাপত্তার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি।
তিনি তার পাশে দাঁড়ানোর জন্য সহকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো: রেদওয়ান ফেরদৌস বলেন, রোগীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা তাকে ছাড়পত্র প্রদান করে ছেড়ে দিয়েছি।
উল্লেখ্য গত শুক্রবার(১৩মার্চ) মধ্যরাতে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যদের একটি দল শহরের চড়ুয়াপাড়ায় বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানের বাড়িতে হানা দেয়।
তার স্ত্রীর ভাষ্যমতে, এরপর আরিফুলকে মারধর করতে করতে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তার পোশাক খুলে দুই চোখ বেঁধে নির্যাতন করা হয়।
এসব ঘটনার নেতৃত্ব দেন ডিসি কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) নাজিম উদ্দিন। এরপর মাদক উদ্ধারের নাটক সাজিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে সাংবাদিক আরিফুলকে জামিন দেওয়া হয়। এরপর ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন, এডিসি রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

