চলমান করোনা সংক্রমণে এই ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার জন্য দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অনলাইনে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গণস্বাস্থ্য হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৮ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, ডা. মামুন মুস্তাফি আমাদের জানিয়েছেন, স্যারের চিকিৎসা দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে ভিডিও কনফারেন্স হয়েছে। তার চিকিৎসার জন্য একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহ ফুসফুসের সংক্রমণের কোনও উন্নতি না হওয়ায় আগের মতো নিয়মিত অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত রয়েছেন ডাক্তারদের।
এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, ডা. জাফরুল্লাহ চিকিৎসার জন্য ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে। তাদের সঙ্গে সমন্বয় করেই এখন তার চিকিৎসা চলবে। বর্তমানে বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত বোর্ডের মাধ্যমেই তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত ৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার রিপোর্ট পজিটিভ আসে। ডা. জাফরুল্লাহ ছাড়াও তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরী করোনা আক্রান্ত।

