দেশে করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দেশে রেকর্ড মৃত্যু।এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮৪৭।
এ দিন ৩ হাজার ৮৬২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬০৭ জনে।
আগের দিন সোমবার ব্রিফিংয়ে জানানো হয়েছিল, ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ৪৫ জন। শনাক্ত হয়েছিলেন ৪ হাজার ১৪ জন। সে তুলনায় মঙ্গলবার কমেছে আক্রান্তের সংখ্যা। কিন্তু বেড়েছে মৃত্যুর সংখ্যা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকেই বাড়তে থাকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে ১ কোটি ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যাও ৫ লাখ ৮ হাজারেরও অধিক। তবে ৫৬ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন বলে জানাচ্ছে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

