দেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২৩ জন।
শুক্রবার (২৯ মে) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ১২ হাজার ৩০১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩০১টি। পরীক্ষাকৃত নমুনায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জনের।
তিনি বলেন, এই সময়ের মধ্যে মারা গেছেন ২৩ জন। এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৫৯০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।

