দেড় লাখ টন আমদানি বেড়েছে বেনাপোলে



বেনাপোল স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম তিন মাসে ৩ লাখ ৫১ হাজার ৩৭৯ টন পণ্য আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১ লাখ ৮৬ হাজার ১৪৬ টন। এ হিসাবে এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ১ লাখ ৬৫ হাজার ২৩৩ টন।
তবে আমদানি বাড়লেও এ সময়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ হয়নি। প্রথম প্রান্তিকে বেনাপোল থেকে রাজস্ব আহরণের লক্ষ্য ছিল ৯৯৬ কোটি ১১ লাখ টাকা। বিপরীতে আহরণ হয়েছে ৯৭৫ কোটি ৭৩ লাখ টাকার রাজস্ব।
অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২০ কোটি ৩৮ লাখ টাকা কম রাজস্ব আহরণ হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আলোচ্য সময়ে উচ্চ শুল্কযুক্ত পণ্যের আমদানি কমে গেছে। শুল্কমুক্ত ও কম শুল্কযুক্ত পণ্য বেশি আমদানি হওয়ার কারণে আমদানি বাড়লেও রাজস্ব কমেছে।