নওগাঁয় গুলিতে দুইজন নিহত হয়েছেন। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের দাবি আলাদা ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা মাদক ব্যবসায়ী।
বুধবার (১ এপ্রিল) রাতে জেলার পত্নীতলা এবং আত্রাই উপজেলায় এ বন্দুকযুদ্ধ হয়।
নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার বালুখা এলাকার মৃত রফাত উল্লাহর ছেলে জাহিদুল ইসলাম (৩৮) এবং আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার (৩৬)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসলেম উদ্দিন বলেন, উপজেলার তিলাবুদুরি এলাকায় রাত ৩টার দিকে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার নিহত হন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, উপজেলার দিবর ইউনিয়নের দিবর এলাকায় রাত আড়াইটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে জাহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাসুয়া, ৯৫০ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা ছিলো।

