আগামী সোমবার থেকে ভারতের পশ্চিমবঙ্গে একাধিক ক্ষেত্রে লকডাউনে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বুধবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এসময় তিনি বলেন, গ্রিন ও অরেঞ্জ জোনে খুলবে দোকান, চালু হবে বাস, চালু হবে কল কারখানা ও নির্মাণকাজ। তবে সবই করতে হবে নিয়ম মেনে।
-সোমবার থেকে গ্রিন ও অরেঞ্জ জোনে পুলিশের অনুমতি নিয়ে ছোট দোকান খোলা যাবে।
-শপিং কমপ্লেক্সে অবস্থিত দোকান বা বাজারের মধ্যে দোকান খোলা যাবে না।
-সমস্ত দোকানে হোম ডেলিভারির ব্যবস্থা করতে হবে।
-খোলা যাবে ইলেক্ট্রনিক্স, স্টেশনারি, বই, মোবাইল, ব্যাটারি, হার্ডঅয়্যার, লন্ড্রি, চা পানের দোকান ও রেস্টুরেন্ট।
-সব ক্ষেত্রে হোম ডেলিভারি বাধ্যতামূলক। চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া নিষিদ্ধ।
-প্রশাসনের অনুমতি নিয়ে সরকারি ও বেসরকারি ঠিকাদাররা নির্মাণকাজ শুরু করতে পারবেন। তবে সেক্ষেত্রে শ্রমিকদের থাকার ব্যবস্থা করতে হবে ঠিকাদারকে। মানতে হবে লকডাউনের বিধি। কোন কোন কাজ শুরু করা যাবে তা ঠিক করবেন জেলাশাসক ও পুলিশ সুপাররা।
-এছাড়া গ্রিন জোনে চালানো যাবে বাস। তবে জেলার বাইরে বের হওয়া যাবে না। একটি বাসে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবে না। চালক ও কনডাক্টরকে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মানতে হবে। নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে বাস। কলকাতায় চলবে ট্যাক্সি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনই হকার মার্কেট বা ফুটপাথের দোকান খোলা যাবে না।
কনটেনমেন্ট এলাকায় চলবে টোটাল লকডাউন।

