জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দায়িত্বশীল দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে নসরুল হামিদ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পিজিসিবির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত আজকের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ “অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে”
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পিজিসিবিসহ তিনটি সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইতিমধ্যে পিজিসিবির তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে দায়িত্বে গাফিলতির জন্য পিজিসিবির দুই কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ বিতরণ সংস্থার দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে যাঁরা দায়িত্বে অবহেলা করেছেন, তাঁদের এক সপ্তাহের মধ্যে চিহ্নিত করে সাময়িক বরখাস্ত করা হবে বলে উল্লেখ করেন নসরুল হামিদ।
বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় অন্য যে দুটি তদন্ত কমিটি কাজ করছে, তাদের প্রতিবেদন চলতি সপ্তাহের শেষ নাগাদ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন নসরুল হামিদ।

