বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কারণে ইতোমধ্যে সব ধরণের ফ্লাইট (চীন বাদে) বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ঘোষণার মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বহাল আছে। সেসময় সরকারের জারি করা ছুটির সঙ্গে সমন্বয় করে এ নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এবার সাধারণ ছুটি শেষ হওয়ার পথে। কিন্তু বিমান উড়ানে নিষেধাজ্ঞা বহাল থাকছে কি না এ নিয়ে বুধবার (২৭ মে) বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বেবিচক।
তবে এ বিষয়ে বুধবার বিকালে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে আশা করি বৃহস্পতিবার (২৮ মে) একটা সিদ্ধান্ত নেয়া যাবে।’
গত ২ মে দেশের এয়ারলাইন্সগুলোকে অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইট চালুর প্রস্তুতি নিতে বলেছিল বেবিচক। কি ধরণের প্রস্তুতি নিতে হবে, এ বিষয়ে ইতিমধ্যে এয়ারলাইন্সগুলোকে দিক নির্দেশনা দিয়েছে বেবিচক।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, ফ্লাইট সংখ্যা নিয়মিত থেকে কম হবে, ধারণক্ষমতার সর্বোচ্চ ৭৫ শতাংশ যাত্রী নেয়া যাবে, প্রতিটি ফ্লাইটের আগে প্লেন ডিসইনফেক্টেড বা জীবাণুমুক্ত করতে হবে, প্রতিটি যাত্রীকে নতুন হ্যান্ড গ্লোভস ও মাস্ক দিতে হবে।

