বিশ্বজুড়ে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের হার। দিনকে দিন পরিস্থিতির অবনতি ঘটছে আমেরিকা, ইতালি, স্পেনের। বিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ৪৩৫ জন।
তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। করোনা আক্রান্তে সেখানে এখন শুধুই মৃত্যু মিছিল আর স্বজন হারানোর হাহাকার।
এরই মধ্যে নতুন অভিবাসন নীতি ঘোষণা করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে নতুন করে কোনও ব্যক্তিকে আমেরিকায় প্রবেশের জন্যে ইমিগ্রেশন বা অভিবাসন দেওয়া হবে না বলে একটি টুইট বার্তায় জানালেন ট্রাম্প।
এদিকে করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে আমেরিকায়। যা দাঁড়িয়েছে ৪০,৬১৫ জনে। সেখানে এক দিনেই মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার মানুষের। এছাড়াও আক্রান্ত মোট ৭ লক্ষ ৬৫ হাজার ৫৮১।
আমেরিকার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কে।
করোনায় আক্রান্ত ইউরোপের অধিকাংশ দেশ ভাইরাস-সংক্রমণের জন্য চীনকেই দায়ী করেছে। পর্যটন, উৎপাদন, শিল্প-সহ বিভিন্ন খাতে করোনার জেরে হওয়া লোকসান তুলে ধরে চিনের থেকে ১৩ হাজার কোটি পাউন্ডের ক্ষতিপূরণ দাবি করেছে তারা।
এদিকে ইতালিতে এক দিনের ব্যবধানে প্রায় ৮০০ কম সংক্রমণ ধরা পড়েছে আজ। নতুন সংক্রমিত ২২৫৬— গত এক মাসের মধ্যে সবচেয়ে কম।
লকডাউনের কারণেই যে পরিস্থিতির উন্নতি হচ্ছে সে কথা মেনে নিলেও, ট্রাম্প এখনও মনে করেন যে, কিছু কিছু এলাকা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার।

