মহামারীর মধ্যে জনগণের সার্বিক কার্যাবলী/চলাচল নিয়ে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ যে আদেশ জারি করেছে সেখানে রাতে চলাচলের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ রাখা হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের গত ৩ অগাস্টের আদেশে বলা হয়েছিল, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার) বাড়ির বাইরে আসা যাবে না। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই আদেশের মেয়াদ সোমবার (৩১ অগাস্ট) শেষ হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে রাত ১০টার পর থেকে বাইরে বের হওয়ার আর বাধা থাকছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাতে চলাচলের নিষেধাজ্ঞা রাখার আর প্রয়োজন নেই। কারণ এখন সব কিছুই স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসায় শুধু স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জোর দেওয়া হচ্ছে।”
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩০ মে থেকে অফিস চলছে। প্রথম দিকে ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিস চললেও এখন সবাইকে অফিস করতে হচ্ছে।
গত ৩ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত হাটবাজার, দোকান-পাট ও শপিংমল খোলা রাখার সময় রাত ৮টা পর্যন্ত করা হয়। সোমবারের নতুন আদেশে হাট-বাজার ও দোকান খোলা রাখার সময় নিয়ে কিছু বলা হয়নি।

