দেশে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে সকল ধরণের পদক্ষেপ নিয়েছে সরকার। এরই ফলশ্রুতিতে দেশজুড়ে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
এবার করোনা সংক্রমণের ঝুঁকিতে সাধারণ মানুষকে ঘরে রাখতে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে টাঙ্গাইল ‘লকডাউন’ ঘোষণা করেন জেলা প্রশাসন।
এরপরেও মানুষ সেই লকডাউনকে পাশ কাটিয়ে দিব্যি চলাফেরা করতে থাকে। এরই প্রেক্ষিতে অযথা চলাচলকারী এইসব মানুষের বিরুদ্ধে কঠোর হতে দেখা গেছে শহরের স্থানীয় বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে।
যেখানে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিনসহ কয়েকজনকে লাঠি হাতে পেটাতে দেখা যায়। এসময় তারা করোনা সংক্রমণের জেরে অযথা চলাফেরা করা কয়েকজনকে কানধরে উঠাবসা থেকে শুরু করে লাঠিপেটা পর্যন্ত করেন।
কিছু সময়ের মধ্যেই তাদের এই কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আমিনুর রহমান জানান যে, বর্তমানে করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারী আকার ধারণ করেছে। এমতাবস্থায় দেশের সকল জায়গায় প্রশাসন ‘লকডাউন’ ঘোষণা করেছে।
কিন্তু আমাদের টাঙ্গাইলে মানুষজন করোনার প্রকোপের ভয়াবহতা সম্পর্কে এখনো না জেনে অযথা চলাফেরা করছে যাতে করে যে কোন সময় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সেজন্যই আমরা কয়েকজন মিলে মানুষকে সচেতন করার জন্য কঠোর হয়েছি।
এসময় তার সাথে পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান খান সোহেল, চেম্বার অব কমার্স টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ, জেলা যুবলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন মানিকসহ বেশ কয়েকজন নেতাকর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে এর আগে, মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলা প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলাকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় বিভিন্নস্থানে অপ্রয়োজনে ঘুরাফেরা করা মানুষদের বাড়ি ফিরে যেতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সর্তক করা হয়। তবে জরুরী পণ্য এবং ওষুধ এর আওতামুক্ত থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হয়। প্রশাসনের সতর্কতা উপেক্ষা করেই মানুষকে ঘোরাফেরা করতে দেখা যায়। এরমধ্যেই টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল চেম্বার অব কমার্স, শহর আওয়ামী লীগ ও জেলা যুবলীগের পক্ষ থেকে শহরে ঝটিকা অভিযান চালানো হয়।
এসময় অকারণে ঘরের বাইরে বের হওয়া ব্যক্তিদের লাঠি দিয়ে পেটানো ও কান ধরে উঠবস করানো হয়।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি মোশরফ হোসেন বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা দেখেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তখন ব্যবস্থা নেয়া হবে।
পেপার’স লাইফ/খবর/জেলা

