দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।
আজ সোমবার বিবিসি জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় এরদোয়ান বিজয়ী হয়েছেন।
এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কাউন্সিলের প্রধান সাদি গুভেনে বলেছেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ান সব বৈধ ভোটে নিশ্চিতভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।’ তবে আর কোনো বিস্তারিত কিছু বলেননি তিনি।
দেশটির গণমাধ্যমে বলা হচ্ছে, ৯৯ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, এরদোয়ান ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইনজি পেয়েছেন ৩১ শতাংশ ভোট।
স্থানীয় সময় ভোররাত ৩টার কিছুক্ষণ পরে ক্ষমতাসীন একে পার্টির সদরদপ্তরের বারান্দা থেকে পতাকা দুলিয়ে জয় উদযাপনরত সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, “আগামীকাল থেকে শুরু করছি, আমাদের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নে কাজ শুরু করবো আমরা।”
তুরস্কের কর্তৃপক্ষ আরও দৃঢ়সংকল্প নিয়ে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
তুরস্কে অবস্থানরত ৩৫ লাখ সিরীয় শরণার্থী যেন নিরাপদে দেশে ফিরতে পারেন সেই লক্ষে তুরস্কের বাহিনী ‘সিরিয়ার ভূমি মুক্ত করা’ অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেন তিনি।
৬৪ বছর বয়সী এরদোয়ান আধুনিক তুরস্কের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। শহুরে তরুণদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
নির্বাচনে এই জয়ের মাধ্যমে আরও পাঁচ বছর তুরস্ক শাসন করার সুযোগ পাবেন তিনি। তুরস্কের নতুন সংবিধান অনুসারে তিনি ২০২৩ সালের পর ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন, তখন জয়ী হলে ২০২৮ পর্যন্ত তিনিই তুরস্কের প্রেসিডেন্ট থাকবেন।
এদিকে তুরস্কের প্রধান বিরোধীদল সিএইচপি তাৎক্ষণিকভাবে নির্বাচনে হারার কথা স্বীকার করেনি। শুধু বলেছে, ‘ফলাফল যাই হোক’ তারা তাদের গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাবে।
এর আগে তারা বলেছিল, নির্বাচনের প্রথম রাউন্ডেই জয় পাবেন না এরদোয়ান।
