মেরিল্যান্ডে সংবাদপত্র ভবনে বন্দুকধারীর হামলায় নিহত ৫



যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দ্য ক্যাপিটাল গেজেট নামের একটি সংবাদপত্র ভবনে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তাৎক্ষণিকভাবে হামলাকারীর নাম পরিচয় জানা যায়নি। তবে সন্দেহজনক হামলাকারীকে আটক করা হয়েছে। স্থানীয় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। তাঁদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে।
হামলায় আহত এক ব্যক্তি জানান, বন্দুকধারী এক ব্যক্তি কাচের দরজার বাইরে থেকেই গুলি চালাতে থাকেন। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন।
উল্লেখ্য, ১৮৮৪ সালে চালু হওয়া পত্রিকাটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো পত্রিকাগুলোর একটি।