বিশ্বকাপ উন্মাদনা চলছে সর্বত্র। এবারের বিশ্বকাপ যেন একটু ব্যতিক্রম। অঘটনের পর অঘটন, শ্বাস রুদ্ধ করা কিছু লড়াই রাশিয়া বিশ্বকাপের বাড়তি মাত্রা যোগ করেছে। এই আকর্ষণ শেষ না হতেই লীগ মৌসুমের দলবদলের আকর্ষণ-উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপে আলো ছড়ানো, কিংবা ব্যর্থ হওয়া মিলে কে কখন দলে যাচ্ছে ঠিক করতে বদ্ধ পরিকর ক্লাবগুলো।
কিছুদিন আগে মাত্র ১০০ মিলিয়নে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমন খবর প্রকাশের পরই গুঞ্জন শুরু হয় ফুটবল দুনিয়ায়। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পরই তো ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। স্পেনে কর মামলা নিয়ে রোনালদোর অস্বস্তি ও বেতন–ভাতা নিয়ে ক্ষোভ মিলিয়ে গুঞ্জন উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রতিদিনই কোনো না কোনো বোমা ফাটানো খবর বের করছে স্প্যানিশ সংবাদমাধ্যম। দুদিন আগেই যেমন শোনা গেছে, ৩১০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন নেইমার। এবার সেই গুজব থেকে সরে বড় ধরণের খবরই প্রকাশ করেছে স্পেনের গণমাধ্যমগুলো। তাদের দাবি, নেইমারকে ভুলে নাকি কিলিয়ান এমবাপ্পের দিকে নজর দিচ্ছে রিয়াল!
ফ্রান্সে সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে, ২৭২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি থেকে রিয়ালে আসছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এবার বিশ্বকাপে উজ্জ্বল এমবাপ্পে। মেসির আর্জেন্টিনাকে জোড়া গোল করে ছিটকে দিয়েছেন বিশ্বকাপ থেকে। এ কারণেই মূলত, নেইমার থেকে নজরটা এমবাপ্পের দিকে আবারও দিচ্ছে রিয়াল। গত মৌসুমেই এমবাপ্পেকে মোনাকো থেকে দলে টানার জন্য ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল। কিন্তু তখন নিজের জন্মভূমি প্যারিসকেই বেছে নিয়েছিলেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ফ্রেঞ্চ সাংবাদিক ব্যাপতিস্তে রিপার্ত টুইট করেছেন, এমবাপ্পের জন্য ২৭২ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে রিয়াল। চার ধাপে এ অর্থ দেবে তারা। রিপার্তের টুইটকে গুরুত্ব না দিয়ে উপায় নেই। এন্থনীও গ্রিজমান যে বার্সেলোনায় যাবেন না এবং তমাস লেমারও যে অ্যাটলেটিকো মাদ্রিদেই যাবেন, এ দুটো খবরই আগেই জানিয়েছেন রিপার্ত।
নেইমারের গুঞ্জনকে নিজেদের ওয়েবসাইটে গুজব বলে উড়িয়ে দিয়েছে রিয়াল। তবে রোনালদোর খবর নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রয়েছে তারা। এমবাপ্পের সংবাদ নিয়েও এখম কোনো প্রতিক্রিয়া জানায়নি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয় দলটি।
