ব্রাজিল – আর্জেন্টিনার বিদায়ে ক্ষতিগ্রস্থ বাংলাদেশ



শেষ ষোল থেকেই বাদ পরেছিল জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল। হ্যামিলিনের বাঁশিওয়ালার সুর শুনে বিদায় নিয়েছে স্পেনও।পরবর্তীতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর বাংলাদেশের মানুষের বিশ্বকাপ সংক্রান্ত উত্তেজনা-উন্মাদনা যেন হঠাৎই থিতিয়ে পড়েছে। যেন এদের বিদায়ে নিজেদেরই বিদায় দেখছেন এ দেশের ফুটবল-ভক্তরা।

বড় দলগুলো বাদ পড়ায় বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তৈরী হওয়া অনীহার কারণে বিশ্বকাপের বাণিজ্যিক সম্প্রচার ব্যাবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগেও ঢাকার বিভিন্ন এলাকায় ব্রাজিলের পতাকা উড়তে দেখা গেলেও, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হারের পর হাতে গোনা দু’একটি জায়গা বাদে খুঁজেই পাওয়া গেলো না সেসব পতাকা। রাস্তাঘাটে জার্সি পরা মানুষের সংখ্যাও হঠাৎই যেন কমে গেছে।
গণমাধ্যমগুলোর সাথে যুক্তরা মনে করছেন বড় দলগুলো আগেভাগে বাদ পড়ায় বিজ্ঞাপণ থেকে আসা মুনাফা ও দর্শকের উপস্থিতি, এই দুই বিষয়ের ওপরই নেতিবাচক প্রভাব পড়বে।
তবে পছন্দের দল বাদ হয়ে যাওয়ায় সবাই কিন্তু বিশ্বকাপের ম্যাচ না দেখার সিদ্ধান্ত নেননি। বড় দল বাদ হয়ে যাওয়ায় বিশ্বকাপ কিছুটা জৌলুস হারালেও ভিন্ন আমেজে খেলা উপভোগ করতে চান অনেক দর্শক। এমন অনেক মানুষই এখনও মুখিয়ে রয়েছেন বিশ্বকাপের শেষ কয়েকটি ম্যাচের জন্য।