আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ২২ এপ্রিল থেকে রাষ্ট্র মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করবে।
এ ব্যাপারে টিসিবির একজন মুখ্য কর্মকর্তা জানান যে, আগামী মে মাস থেকে শুরু হতে যাওয়া পবিত্র রমজান উপলক্ষে ২২ এপ্রিল থেকে রাজধানীসহ সারাদেশে কম এবং ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হবে।
তিনি জানান, ইতোমধ্যে সারা দেশে প্রায় দুই থেকে আড়াই হাজার টন ভোজ্য তেল, দুই হাজার টন চিনি, ১ হাজার ১০০ টন মসুর ডাল, ১ হাজার ৫০০ টন ছোলা এবং এক হাজার টন খেজুর বিক্রয় করার প্রস্তুতি নেয়া হয়েছে।
ট্রাকে করে দেশের ১৮৭টি জায়গার মধ্যে রাজধানীতে ৩৫, চট্টগ্রামে ১০টি, প্রতিটি বিভাগে পাঁচটি এবং প্রতিটি জেলায় একটি করে নির্ধারিত স্থানে মোট প্রায় ২ হাজার ৮২৭ জন ডিলার ট্রাকে করে এই পণ্য বিক্রয় করবেন।
তাছাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে বাড়তে না পারে এবং নিম্ন আয়ের মানুষের যাতে কোনো কষ্ট না হয়, এ জন্য রমজান মাস শুরু হওয়ার আগেই খুচরা বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু করবে টিসিবি।
যদিও পণ্যগুলোর বিক্রয় মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। তবে খুব দ্রুতই সরকার মূল্য নির্ধারণ করে দেবে বলে জানা গেছে।
এছাড়াও, সরকারি সূত্রে বলা হয়, রমজানের শেষ দিন পর্যন্ত টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় প্রক্রিয়া চলমান থাকবে।
এরই মধ্যে রাজধানীর যেসব জায়গায় বিক্রয়কেন্দ্র থাকবে সেই সবের একটি তালিকা টিসিবির পক্ষ থেকে দেয়া হয়েছে। স্থানগুলো হচ্ছে, সচিবালয় গেট, জাতীয় প্রেসক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সায়েন্স ল্যাবরেটরি মোড়, নিউমার্কেট-নীলক্ষেত মোড়, শ্যামলী-কল্যাণপুর, জিগাতলা মোড়, ফার্মগেট খামারবাড়ি, কলমিতলা বাজার, কচুখেত রজনীগন্ধা সুপারমার্কেট, আগারগাঁও তালতলা এবং নির্বাচন কমিশন অফিস, উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্স, মিরপুর-১ বাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রীতে আইডিয়াল স্কুল, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কিচেন মার্কেট, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার এবং আইডেল জোন, মতিঝিল বলাকা চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর ১০ নম্বর চত্বর, উত্তরায় আশকোনা হজ ক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল কিচেন মার্কেট, দিলকুশা ও মাদারটেক নন্দিপাড়া কৃষি ব্যাংক।

