প্রাণঘাতী করোনায় স্থবির সারাবিশ্ব। এরই মধ্যে সিঙ্গাপুর ও ইতালিতেও করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন কয়েকজন বাংলাদেশি। এবার করোনা আক্রান্ত সন্দেহে সিলেটে এক দুবাই প্রবাসীকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের (সদর হাসপাতাল) করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুবাই প্রবাসী ওই ব্যক্তি ২৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন। এসময় তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন। এরপর চিকিৎসা নিতে বুধবার দুপুরে তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেয়া হয়।
কিন্তু তিনি ঢাকায় না গিয়ে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়।
এ বিষয়ে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, তার জ্বর এবং বিদেশফেরত হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাই তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার মেডিকেল বোর্ড গঠন করে তাকে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

