মাশরাফিকে খুঁজছেন? খুঁজে পাবেন না। আজকে তো সবাই মাশরাফি। খেলা শেষে হঠাৎ করেই লাল সবুজের জার্সিতে মাশরাফিকে খুঁজে পেতে খুব বেগ পেতে হয়েছে। কেননা ওই জার্সি জুড়ে সবাই যেন হয়ে উঠেছেন মাশরাফি। মাশরাফির জাতিস্মর হয়েই পণ করেছেন মাশরাফির মশাল হাতে নিয়ে এগিয়ে যেতে হবে সম্ভাবনার পথে।
মাশরাফি আজ বিদায় নিচ্ছেন না, শুধু দায়িত্ব ছাড়ছেন। যে দায়িত্ব অনেক বেশি প্রত্যাশা করে। এ দায়িত্বের চাপ বিশাল। এই বিশালতায় একটু একটু করে হারিয়ে যাওয়া। ক্ষুদ্র হয়ে যাওয়া মাশরাফির বিশালতা অবশেষে থমকে গেছেন। তাই ছাড়ছেন দায়িত্ব।
যেই দায়িত্বের মশাল এতদিন জ্বেলে রেখেছিলেন, সেই মশাল এবার অন্যের হাতে তুলে দিতে হবে। আরো একজন মাশরাফি গড়ে দিতে হবে। সেই চেষ্টায় যেন মাশরাফি নিজেই অবাক। বিস্ময়ে হতবাক মাশরাফির চোখ দিয়ে হয়ত অজান্তেই গড়িয়ে পড়ছে আনন্দাশ্রু।
কেননা, আজ যে সবাই মাশরাফি। বাংলাদেশের ইতিহাসে সেরা ক্যাপ্টেনকে সম্মান জানাতে এমনই এক অদ্ভুত কান্ড করেছেন তার সতীর্থ ভাইরা। সবাই পড়ে এসেছেন মাশরাফির জার্সি। পিছনে মাশরাফি নাম লেখা, দুই নম্বর জার্সিতে সবাই হয়ে উঠেছেন একজন মাশরাফি। সেই জার্সির সামনে লেখা ছিল, Thank You Captain.

শুধুই কি খেলোয়াড়রা? না হয়ত। আজ পুরো বাংলাদেশ হয়ে উঠেছেন একজন মাশরাফি। যেই মাশরাফিতেই বদলেছে এদেশের ক্রিকেট, যেই মাশরাফিতে স্বপ্নগুলো দানা বেঁধেছে একটু একটু করে। সেই মাশরাফি আজ দায়িত্ব ছেড়ে একজন সাধারণ খেলোয়াড়।
সেই সাধারণের অসাধারণত্বকে যে এভাবেই সম্মান জানাতে হয়। এভাবেই বলতে হয় ধন্যবাদ, এভাবেই কাঁধে করে বয়ে বেড়াতে হয় এমনই একজন হার না মানা যোদ্ধার স্বপ্নগুলো!
আচ্ছা, কোনো ক্যাপ্টেন যখন দায়িত্ব ছেড়েছেন- এমন সম্মান কি পেয়েছেন? মাশরাফি পেয়েছেন। কারণ, মাশরাফি একজনই। অতুলনীয় স্বপ্নের ভিড়ে সাধারণ একজন মানুষ। যার বিদায়ে বুক ভেঙে কান্না আসে, যার বিদায় কষ্টের পাহাড় গড়ে তোলে।
তবুও তার বিদায় হয় না। সে মিশে থাকে লাল-সবুজের স্বপ্নে। প্রতিটি বিজয়ের উৎসবে থাকে তার ফেলে যাওয়া পদক্ষেপ। প্রতিটি চার, ছয়ে মিশে থাকে তার কলার উঁচিয়ে রাখা দৌড়। প্রতিটি উইকেটের উল্লাসে থাকে তার নাম্বার দুই জার্সি। যেই জার্সিতে আজ প্রতিটি খেলোয়াড় নিজেকে রাঙিয়েছেন।
এবং বলেছেন, Thank You Captain…

