চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট উপজেলায় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে দুই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মহিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ১২ জন এবং রাজারহাট উপজেলা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইসিটি বিডি মিসকেস ১/২০২০ এর প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ান্টে ইস্যু করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- গোড়াই কল্যাণ গ্রামের মতিউল্যাহ পুত্র আবদুর রহমান (৬২), গোড়াই গ্রামের আবদুল জব্বারের পুত্র নুরুল ইসলাম (৬৯), গোড়াই কল্যাণ পাড়া গ্রামের বছিয়ত উল্যাহর পুত্র সোলায়মান আলী (৭০), গোড়াই কল্যাণ হাজী পাড়া গ্রামের আফান উল্যাহ ব্যাপারীর পুত্র ওছমান আলী (৭০), হাতিয়া ভবেশ ওলামাগঞ্জ গ্রামের তাহের উদ্দিনের পুত্র আকবর আলী (৯০), শ্যামপুর গ্রামের এরফান উদ্দিন সরকারের পুত্র ইসমাইল হোসেন (৬২), শ্যামপুর গ্রামের এরফান আলীর পুত্র ইছাহাক আলী (৮০), গোড়াই মাষ্টারপাড়া গ্রামের আবদুল জব্বারের পুত্র আবদুর রহিম (৬৪), গোড়াই মিয়াজীপাড়া গ্রামের ফজল উদ্দিনের পুত্র আবদুল কাদের (৬২), মালতিবাড়ি দিগর গ্রামের শমস উদ্দিনের পুত্র শেখ মফিজল হক, রাম অনন্তপুর ডোবারপাড়া গ্রামের ডা. নাজিম উদ্দিনে পুত্র সাইদুর রহমান (৭০), অনন্তপুর সরকারপাড়া গ্রামের আমিন উদ্দিনের পুত্র শাহজাহান আলী (৭০) এবং রাজারহাট উপজেলার বালাকান্দি উত্তর ধলকাটা গ্রামের সরফ উদ্দিনের পুত্র মকবুল হোসেন ওরফে মকবুল দেওয়ানী (৭০)।

