ভিডিও বার্তার মাধ্যমে মুজিববর্ষের অনুষ্ঠানে থাকবেন মোদি


modi@paperslife

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সফর বাতিল করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জানা গেছে ভিডিও বার্তার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে থাকবেন মোদি।

বুধবার (১১ মার্চ) ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর (মুজিববর্ষ) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক হুন সেন, ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বোকোভাসহ বেশ কয়েকজন বিদেশি অতিথির।

এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের থাকার বিষয়েও আলোচনা চলছিল।

এদিকে বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্তের পর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মুজিববর্ষের ১৭ মার্চের আয়োজন সীমিত করার ঘোষণা দেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।