চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
বুধবার (১১ মার্চ) জেনেভায় এক সংবাদ সম্মেলনে হু’র মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস এ ঘোষণা দেন।
এসময় তিনি বিভিন্ন দেশে দ্রুত গতিতে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়াকে ‘আতঙ্কজনক’ অভিহিত করে বলেন, চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গত দুই সপ্তাহে বেড়ে ১৩ গুণ হয়েছে। এর সংক্রমিত হওয়ার হার অত্যন্ত আতঙ্কিত হওয়ার মতো এবং বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগজনক।
হু’র নির্বাহী প্রধান বলেন, আমরা প্রতিদিনই আক্রান্ত দেশগুলোকে বলে আসছি, জরুরিভিত্তিতে এবং দ্রুতগতিতে ব্যবস্থা নিন। অবশ্য কিছু কিছু দেশ এমন নজির স্থাপন করেছে যে এই ভাইরাসকে দমন ও নিয়ন্ত্রণে আনা সম্ভব। অন্য যেসব দেশকে এখন এই ভাইরাস মোকাবিলা করতে হচ্ছে, তাদের ক্ষেত্রেও এটি এখন চ্যালেঞ্জ যে তারা একই ধরনের পদ্ধতি অবলম্বন করে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে কি না।
তিনি আরো বলেন, বিভিন্ন দেশের সরকারকে জনস্বাস্থ্যের সুরক্ষার পাশাপাশি এই ভাইরাসের মোকাবিলায় আমাদের সবাইকে এক হয়ে শান্ত থেকে সঠিক কাজটি করতে হবে এবং বিশ্বব্যাপী নাগরিকদের সুরক্ষা দিতে হবে।

