প্রায় সব দেশেই করোনা ছড়িয়ে পড়ায় এবার সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচল দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে সৌদি আরব।
শুক্রবার সৌদি আরবে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে।
শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এখবর জানিয়েছে যে,
রবিবার (১৫ মার্চ) থেকে দেশটিতে কোনও আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করবে না।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সৌদি আরবের সময় সকাল ১১টা থেকে বিমান চলাচল স্থগিত থাকবে। তবে বিশেষ ক্ষেত্রে কিছু ফ্লাইটের অনুমতি দেওয়া হতে পারে।
এতে আরও বলা হয়েছে, বিমান চলাচল বাতিলের কারণে যেসব নাগরিক ও স্থায়ী বাসিন্দা অন্য দেশ হতে সৌদি আরব ফিরতে পারবেন না বা কোয়ারেন্টাইনে থেকে সৌদি আরবে ফিরবেন তাদের জন্য এই দুই সপ্তাহ বিশেষ সরকারি ছুটি হিসেবে বিবেচনা করা হবে।
সূত্র: আরব নিউজ

