দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটিতে থাকা ১৪২ জন ইতালি প্রবাসীর শরীরে প্রাথমিকভাবে করোনার কোনো লক্ষণ পাওয়া না গেলেও তাদের হোম কোয়ারেন্টাইনে থাকলে হবে বলে জানিয়েছেন আইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এ বিষয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পাশাপাশিই হবে। যদি এদেরকে আমরা তথ্য সংগ্রহের পর দেখি যে তারা বাড়িতে গিয়ে সেল্ফ কোয়ারেন্টাইন করতে পারবে, তাহলে তারা বাড়িতে যাবে। এদের মধ্যে কারো সেল্ফ কোয়ারেন্টাইনে যদি সমস্যা হয় তাহলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হবে।
এর আগে, পরিবার, স্বজন সর্বোপরি দেশের মানুষের স্বার্থে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হলেও সদ্য ইতালি ফেরত ১৪২ জন সরকারি নির্দেশনা মেনে চলতে অস্বীকৃতি জানায়। পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে নেয়া হলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাসদস্য।

