কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম।
সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেয়া হয়।
সেইসাথে উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা সুলতানাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে ধরে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেয় জেলা প্রশাসন।
ঘরে কোনো তল্লাশি চালানো না হলেও পরে ডিসি অফিসে নেয়ার পর তারা দাবি করেন, আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এই ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ রংপুর বিভাগীয় কমিশনারকে এই ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম তদন্তের দায়িত্ব দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানাকে। রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে রোববার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে।’

