কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিদেশ ফেরত মানুষজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা অব্যাহত রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত মোট ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদের মধ্যে অধিকাংশই দুবাই ও সৌদি ফেরত বিদেশী বলে জানা যায়।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে ৭ জনই সদর উপজেলার বাসিন্দা।
এসব বিদেশ ফেরত মানুষকে তাদের নিজের ও পরিবারের কথা ভেবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: আবু মো: জাকিরুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে হাসপাতালে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বিশেষ ব্যবস্থায় ট্রাইজ রুম ও ফিজিশিয়ান রুম এবং আইসোলেশন ওয়ার্ড স্থাপনসহ সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ইতোমধ্যে দেয়া হয়েছে প্রশিক্ষণ। সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে আসা রোগীদের থুথু ও কফ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক এর পক্ষ থেকে সকলকে করোনাভাইরাসে আতংকিত না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

