এবার পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান মিলেছে।
মঙ্গলবার লন্ডন থেকে মুম্বাই হয়ে কলকাতায় আসা ১৮ বছরের এক তরুণের দেহে ‘কোভিড-১৯’-এর অস্তিত্ব মিলেছে। এসময় স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘‘ওই তরুণের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে। তার সংস্পর্শে আসা দ্বিতীয় কেউ যাতে আক্রান্ত না-হন, সেই চেষ্টা চালানো হচ্ছে।’’
এরপর ওই তরুণকে বেলেঘাটা আইডিতে সেইসাথে তার বাবা-মা ও গাড়ির চালককে রাজারহাটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জানা যায়, কিছুদিন আগে লন্ডনের একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। পার্টিতে তার এক বান্ধবীর সম্প্রতি কোভিড-১৯ ধরা পড়েছিল।
সে-দিন তার সঙ্গে নেচেছিলেন ওই তরুণ। সূত্রের খবর, অক্সফোর্ড থেকে তরুণের পরিবারকে জানানো হয়, পার্টিতে থাকা এক জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে।
সেই জন্য ওই তরুণকে তার নমুনা পরীক্ষা করতে বলা হয়। এর পর সোমবার দুপুরে এম আর বাঙুর হাসপাতালে যান ওই তরুণ। স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলে তৎক্ষণাৎ তাকে আইডিতে ভর্তি হওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট চিকিৎসক। সেই মতো আইডি-তে বিশেষজ্ঞ চিকিৎসকেরা হাজির ছিলেন।
কিন্তু বিকেল পর্যন্ত অপেক্ষা করেও তরুণের দেখা মেলেনি। এর পরে ফোনে যোগাযোগ করা হলে তার মা চিকিৎসকদের জানান, ইএম বাইপাসের অভিজাত আবাসনেই আইসোলেশনে রাখা হয়েছে ছেলেকে। ছেলের থেকে যথেষ্ট দূরত্বও বজায় রাখছেন তারা।

