রাত পোহালেই নির্ভয়ার ৪ গণধর্ষকের ফাঁসি৷ শুক্রবার ভোর সাড়ে ৫টায় ৪ জনকে ফাঁসি দেওয়া হবে, তা এখনও মোটামুটি নিশ্চিত। ছেলে যতই অপরাধী হোক, মায়ের স্নেহ শেষ মুহূর্তেও। সন্তান শোক প্রায় নিশ্চিত জেনে শেষ ইচ্ছের দাবি করলেন নির্ভয়া কাণ্ডে দোষী বিনয় শর্মার মা।
বাকি তিন জনের সঙ্গে বিনয়েরও ফাঁসি হবে আগামিকাল অর্থাত্ শুক্রবার ভোর সাড়ে ৫টায়৷ ৭ বছর ৩ মাসে ২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়াকে গণধর্ষণ করে নৃশংস অত্যাচার করা হয়েছিল৷ ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্ভয়া৷
বুধবার দিল্লি হাইকোর্টে নির্ভয়ার ৪ দোষীর আরেকজনের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছে৷ রাষ্ট্রপতিও প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন৷ বিনয়ের কিউরেটিভ পিটিশন জানুয়ারি মাসেই খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ রাষ্ট্রপতি ফেব্রুয়ারি মাসে প্রাণভিক্ষার আর্জি খারিজ করেন৷ তাই ৪ জনের ফাঁসি মোটামুটি নিশ্চিত৷
শুক্রবার ভোরে ফাঁসি হবে ছেলের। কেঁদে উঠল বিনয়ের মা। জানালেন, রাতে শেষবার ছেলেকে তিনি নিজে হাতে রেঁধে খাওয়াতে চান। বিনয়ের মা তিহার জেল কর্তৃপক্ষের কাছে এই আবেদন জানিয়েছেন, তিনি পুরি, সবজি ও কচুরি বানাবেন। সেই খাবার যেন বিনয় শেষবার খায়।
বিনয়ের মা বলেন, ‘তিহার জেল আমাকে ছেলের জন্য খাবার নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি৷ তবু যদি অনুমতি দেয়, তা হলে বিনয়ের জন্য একটু পুরি, কচুরি ও সবজি বানিয়ে নিয়ে যাবো৷’
বলে আনমনে বিড়বিড় করতে লাগলেন, ছেলেটা বড় ভালোবাসত৷

