করোনাভাইরাসের মহামারিতে বিশ্ব জুড়ে চলছে মৃত্যুর মিছিল। এর মধ্যে অবাক করা বিষয় নেপালে নেই কোনও রোগী।
তাতে হাত পা ছেড়ে বসে নেই হিমালয়ের দেশটি। সম্ভাব্য বিপদ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দক্ষিণ এশিয়ার এই দেশ।
রাজধানী কাঠমান্ডুর ত্রিপুরেশ্বরে দেশটির সেনাবাহিনীর সদর দফতরে মডেল কোয়ারেন্টাইন জোন তৈরি করা হয়েছে। নেপাল সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেছেন দেশটির নাগরিকরা।
নেপালি টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলার প্রস্তুতি হিসাবে নেপালের সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে একটি কোয়ারেন্টাইন জোন তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর প্রস্তুতকৃত এই কোয়ারেন্টাইন জোনে ৫৪টি তাঁবু রয়েছে।
জানা যায়, চীন সরকারের পাঠানো উপহারে তৈরিকৃত এই কোয়ারেন্টাইন তাঁবুতে ১০৮ জন রোগী থাকতে পারবেন। একটি তাঁবুতে দু’জন করে রোগীর থাকার ব্যবস্থা আছে।
এছাড়াও সেখানে একাধিক আইসোলেশন রুম, নিয়মিত চেক-আপ রুম ও একটি পানির ট্যাপ রয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার সময় কীভাবে রোগীদের সেবা দিতে হবে; ইতোমধ্যে সুরক্ষা সামগ্রী পরে সেটির মহড়া করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

