ইতালিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই রোগে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮২০ জনে। তবে দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে।
ইতালির কর্মকর্তারা নতুন করে তিন হাজার ৬১২ জনের করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছে। নতুন সংক্রমণ বৃদ্ধির হার আগের দিনের চেয়ে ১ শতাংশ পয়েন্ট কম।
ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৭৬ জন। এদের মধ্যে মঙ্গলবার নাগাদ আট হাজার ৩২৬ জন পুরোপুরি সেরে উঠেছেন। এখন আইসিইউতে আছেন তিন হাজার ৩৯৬ জন।
ইতালির সবচেয়ে বেশি আক্রান্ত উত্তরাঞ্চলীয় লোমবার্দির অবস্থা এখনও শোচনীয়। মঙ্গলবার নাগাদ সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৭০৩ জনে, আর মৃত্যু হয়েছে চার হাজার ১৭৮ জনের।

